
রাজকন্যার খুব সখ হয়েছে আকাশের তারা ধরার।
শুনে রাজা-রানি তো অবাক!
তারা কি ধরা যায়!
তবুও রাজকন্যার সখ বলে কথা।
রাজ্যের সবাই মিলে বানালো লম্বা…..একটা মই।
আকাশের একদম উঁচুতে মইটা লাগানো হলো।
তবু তারা ধরা যায়না।
মই ধপাস করে পরে যায়।
রাজকন্যার তো খুবই মনখারাপ।
খায় না, ঘুমায় না, বই পড়ে না, খেলে না।
সারারাত শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে।

তাই দেখে মনখারাপ হয় শুকতারার।
এক রাতে নেমে এলো সে।
রাজকন্যা তো অবাক!
ওর জানালার সামনে শুকতারা!
রাজকন্যা হাত বাড়িয়ে তারা ধরে।
বন্ধু হয় ওরা।
শুকতারা শোনায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের গল্প।
আর রাজকন্যা বলে, গ্রাম -নদী আর গাছের গল্প।
এমনি করে রোজ চলে রাজকন্যা আর শুকতারার গল্প।
দিনে দিনে বাড়ে বন্ধুত্ব।
একদিন আকাশ বলে, শুকতারা, তুমি আর পৃথিবীতে যেওনা।
তুমি না থাকলে, আকাশে আলো জ্বলে না। মানুষের অন্ধকারে পথ চলতে সমস্যা হয়। তুমি ফিরে এসো।
শুনে কষ্ট পায় শুকতারা। তবু সবার ভেবে বলে বলে আচ্ছা।
বিদায় নিতে শুককারা আসে রাজকন্যার কাছে। বলে আজকেই আমাদের শেষ দেখা।
শুনে রাজকন্যা কাঁদে।
শুকতারা বলে কেঁদোনা।
আমার কিছু আলো আমি তোমার জন্য রেখে যাচ্ছি। বলেই শরীর থেকে মুঠো মুঠো আলো ছড়িয়ে দেয় চারিদিক।
অন্ধকরে জ্বলজ্বল করে সেই আলো।
তোমরা কি জোনাক পোকা দেখেছে ?
শুকতারার সেই আলোই এখন জোনাকি হয়ে ঘুরে বেড়ায়।


